আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিলিস্তিন ইস্যুতে আবেগঘন ও কড়া বক্তব্য দিয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য কষ্ট অনুভব করে না, তাহলে সে মানুষই নয়।’ গাজায় চলমান মানবিক সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, সাধারণ প্রাণীর ওপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়, অথচ হাজারো মানুষের মৃত্যু যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর ফিলিস্তিনের পতাকা হাতে উদযাপনের কারণ ব্যাখ্যা করে হোসাম হাসান বলেন, এটি কোনো রাজনৈতিক বার্তা নয়, বরং সম্পূর্ণ মানবিক অবস্থান। তিনি জানান, ফুটবলের বাইরেও ফিলিস্তিনি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে সম্মান করা উচিত। এদিকে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবে মিসর। বিশ্বচ্যাম্পিয়ন প্রতিপক্ষকে ভয় পান না বলেও জানিয়েছেন হোসাম হাসান। তার মতে, মিসর ইতিহাস, আরব বিশ্ব ও আফ্রিকার মানুষের স্বপ্ন নিয়েই মাঠে নামবে।