ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে তেহরান ও ওয়াশিংটন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পোপ লিও চতুর্দশকে পাঠানো এক বার্তায় বলেছেন, ইরান এখনো কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের পথেই প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরানের পদক্ষেপকে বৈধ আত্মরক্ষা বলে দাবি করেছে তেহরান।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, অধিকাংশ ইরানির প্রথম নাম ‘মোহাম্মদ’। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এদিকে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো পুরোপুরি কমেনি বলে মনে করছেন বিশ্লেষকরা।