আলোচিত দুই ইসলামী বক্তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। একদিকে আবু ত্বহা মুহাম্মদ আদনানের দ্বিতীয় দফার সংসার ভেঙে যাওয়ার খবর, অন্যদিকে দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুলেছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী। মাত্র চার মাসের মাথায় আবারও বিচ্ছেদের পথে হাঁটলেন আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারা। শনিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সাবিকুন নাহার নিজেই।
তিনি জানান, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মতবিরোধের কারণেই সম্পর্কের অবনতি ঘটে। দুই পরিবার নতুন করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। সাবিকুন নাহারের ভাষ্য অনুযায়ী, রমজানের চাঁদরাতেই তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়। এর আগে বিচ্ছেদের পর গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। তবে দ্বিতীয় দফার সেই সংসারও দীর্ঘস্থায়ী হলো না।
এদিকে, দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘ বক্তব্য দিয়েছেন ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। তিনি দাবি করেছেন, গোনাহ থেকে বাঁচতেই তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। নিজের বক্তব্যে মাদানী বলেন, সমাজে অনেকে গোপনে হারামের পথে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি আল্লাহর বিধানের মধ্যেই থাকতে চেয়েছেন। একই সঙ্গে প্রথম স্ত্রীর কষ্টের কথাও স্বীকার করেন তিনি। মাদানী আরও বলেন, একাধিক বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনসাফ বা সমতা বজায় রাখা। এজন্য তিনি আল্লাহর কাছে সাহায্য ও দোয়া চেয়েছেন।