যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ক্ষমতাসীন লেবার পার্টির দলীয় প্রধানের দায়িত্বও ছাড়ছেন তিনি। সোমবার লন্ডনের ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া আবেগঘন বক্তব্যে স্টারমার জানান, আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি এখনও সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না—দলের ভেতরে সেই প্রশ্ন উঠেছিল। সহকর্মীদের অবস্থানকে সম্মান জানিয়েই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে নতুন দলীয় প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ইতোমধ্যে রাজা তৃতীয় চার্লসকে নিজের সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেছেন স্টারমার।আগামী ৯ জুলাই থেকে নতুন নেতৃত্ব নির্বাচনের মনোনয়ন গ্রহণ শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। লক্ষ্য, সেপ্টেম্বরে পার্লামেন্টের নতুন অধিবেশন শুরুর আগেই নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন। এক দশকের মধ্যে যুক্তরাজ্যে এটি হবে সপ্তম প্রধানমন্ত্রী পরিবর্তনের ঘটনা।