বিশ্ব রাজনীতিতে নতুন করে যুদ্ধের মেঘ! দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ইরানকে ভয়াবহ বোমা হামলার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, বুধবার সন্ধ্যার মধ্যে কোনো সমাধান না এলে শুরু হবে ব্যাপক বোমাবর্ষণ।
ট্রাম্পের এই হুমকির মুখে চুপ নেই তেহরানও। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাহুঁশিয়ারি দিয়ে বলেছেন, হুমকির মুখে কোনো আলোচনা হবে না। তিনি আরও দাবি করেছেন, যুদ্ধ শুরু হলে তেহরানের হাতে রয়েছে ‘নতুন কার্ড’, যা গত দুই সপ্তাহ ধরে তারা প্রস্তুত করেছে।
এদিকে হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ এবং ইরানের পণ্যবাহী জাহাজ জব্দ করার ঘটনায় উত্তেজনা এখন তুঙ্গে। পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনার কথা থাকলেও দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে তা এখন অনিশ্চিত। যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে, কিন্তু ট্রাম্পের ‘চরমপন্থী’ অবস্থান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।