দেশজুড়ে আবারও আলোচনায় মেগা প্রকল্পের ব্যয় ও দুর্নীতির অভিযোগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলসহ বড় বড় প্রকল্পে অস্বাভাবিক ব্যয় এবং ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তেজগাঁওয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এসব প্রকল্পের ঋণের বোঝা এখন দেশের ২০ কোটি মানুষের ওপর এসে পড়েছে। প্রধানমন্ত্রী দাবি করেন, রূপপুর প্রকল্পে বিদেশিদের জন্য একটি বালিশের দাম ধরা হয়েছে ৮০ হাজার টাকা। ৩০ হাজার টাকার আসবাব কেনা হয়েছে কয়েক লাখ টাকায়।
তিনি আরও বলেন, পাশের দেশে একই ধরনের প্রকল্প করতে যেখানে খরচ হয়েছে অনেক কম, সেখানে রূপপুরে ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৯৬ হাজার কোটি টাকা। কর্ণফুলী টানেলে গাছ লাগানোর নামে ৫০ কোটি টাকা তোলা হলেও বাস্তবে গাছ পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
পদ্মা সেতুর ব্যয় নিয়েও প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, অতিরিক্ত খরচ না হলে শিক্ষা, স্বাস্থ্য ও আইনশৃঙ্খলা খাতে আরও উন্নয়ন সম্ভব ছিল। সবশেষে তিনি জানান, অতীতের লুটপাটের কারণে অর্থনৈতিক চাপ তৈরি হলেও সরকার পরিস্থিতি সামাল দিতে কাজ করছে।