News ওসমান হাদি হত্যা: মূল আসামি ভারতে গ্রেপ্তার

ওসমান হাদি হত্যা: মূল আসামি ভারতে গ্রেপ্তার

সোশ্যাল শেয়ার

মেঘালয় দিয়ে পালানো ফয়সাল এবার গ্রেপ্তার

কখনও কখনও অপরাধের গল্পটা সিনেমার মতো লাগে—সীমান্ত পেরিয়ে পালানো, পরিচয় বদল, আত্মগোপন! কিন্তু শেষ দৃশ্যটা প্রায়ই একই হয়— আইনের হাত শেষ পর্যন্ত পৌঁছায়। বাংলাদেশে আলোচিত শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদ এবার গ্রেপ্তার। গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে। ফয়সালের সঙ্গে ধরা পড়েছেন আরেক বাংলাদেশি— আলমগীর হোসেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে তাদের আটক করা হয়। পুলিশের দাবি—বাংলাদেশে হত্যাকাণ্ডের পর তারা মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। এরপর ভারতের বিভিন্ন স্থানে আত্মগোপন করে সম্প্রতি আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।

২০২৫ সালের ১২ ডিসেম্বর, ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। কিন্তু ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে এক ভিডিও বার্তায় ফয়সাল দাবি করেছিলেন—তিনি নাকি দুবাইয়ে আছেন এবং ঘটনার সময় মোটরসাইকেলে ছিলেন না। কিন্তু তদন্ত সংস্থার দাবি— হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের একজন তিনিই। এখন প্রশ্নটা আইনি প্রক্রিয়ার।

ভারতে গ্রেপ্তার হওয়া এই আসামিদের কীভাবে এবং কখন বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে? কারণ সীমান্ত পেরোলেই অপরাধের গল্প শেষ হয় না। বরং তখন শুরু হয় আরেক অধ্যায়—আইন, কূটনীতি আর বিচার প্রক্রিয়ার। এই গ্রেপ্তার কি হাদি হত্যা মামলার বিচারপ্রক্রিয়াকে নতুন গতি দেবে?

সোশ্যাল শেয়ার