দীর্ঘ ১০ বছরের অপেক্ষা ! অবশেষে তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার! কুমিল্লায় আলোচিত এই হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে ধরা হয়েছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে। তদন্ত সংস্থা পিবিআইয়ের অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার বিকেলে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। এই মামলায় এক দশকে দায়িত্ব বদলেছে একাধিক তদন্ত কর্মকর্তার, পেরিয়েছে প্রায় ৮০টি ধার্য তারিখ। তবুও এতদিন অধরাই ছিল প্রকৃত অপরাধী।
তবে সম্প্রতি তদন্তে আসে নতুন গতি। ডিএনএ নমুনা মিলিয়ে দেখার উদ্যোগের পরই শুরু হয় এই অগ্রগতি। গ্রেপ্তারের খবর শুনে আদালতে ছুটে আসেন তনুর পরিবার। দীর্ঘদিনের অপেক্ষা আর বেদনার মধ্যে আজও তাদের চোখে ন্যায়বিচারের আশার ঝিলিক।