মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ এবার সরাসরি গিয়ে লাগল আপনার পকেটে! ৪ বছরের রেকর্ড ভেঙে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখন আকাশচুম্বী। ব্যারেল প্রতি দাম ছাড়িয়েছে ১০৭ ডলার! ইসরায়েল-ইরান সংঘাতের জেরে উত্তপ্ত হরমুজ প্রণালী। যেখান দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহ হয়, সেই পথ এখন প্রায় বন্ধ। ফলে ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে ১০৭.২০ ডলারে ঠেকেছে, যা এক পর্যায়ে ১১৯ ডলারও ছাড়িয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে বিশ্বশান্তির জন্য ‘সামান্য মূল্য’ বলে অভিহিত করেছেন।
কিন্তু বাংলাদেশে কী হবে? ভোজ্যতেল কি আরও দামী হচ্ছে? আজ সচিবালয়ে জরুরি বৈঠক শেষে অভয় দিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশে ভোজ্য এবং জ্বালানি তেলের কোনো সংকট নেই। বাজারে পর্যাপ্ত মজুত আছে এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা কৃত্রিম সংকট তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল না কেনার পরামর্শ তার।