সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্ক হয়েছে। মুখোমুখি অবস্থানে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে। রোববার সংসদের অনির্ধারিত আলোচনায় বিষয়টি তোলেন বিরোধীদলীয় নেতা। তিনি অভিযোগ করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার কথা থাকলেও তা এখনো করা হয়নি।
ডক্টর শফিকুর রহমান বলেন, গণভোটে সমর্থন পাওয়ার পর নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা ছিল। বিরোধী দলের ৭৭ জন সদস্য ইতোমধ্যে পরিষদের সদস্য হিসেবে শপথও নিয়েছেন। তাই তারা একই সঙ্গে সংসদ সদস্য ও পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ চান। তবে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো উল্লেখ নেই। তাই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এ বিষয়ে পরামর্শ দিতে পারেন না এবং রাষ্ট্রপতিও অধিবেশন আহ্বান করতে পারেন না। তিনি আরও বলেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হবে, তবে সব কিছু করতে হবে সংবিধান ও আইনের কাঠামোর মধ্যেই। প্রয়োজনে বিষয়টি নিয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনা হতে পারে। এদিকে স্পিকার বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ। আনুষ্ঠানিক নোটিশ এলে বিধি অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।