দীর্ঘ প্রায় দুই বছর দেশের বাইরে থাকার পর চলতি বছরই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র ও আইনি বাধা অতিক্রম করে তিনি এ বছরই দেশে ফিরবেন।
শেখ হাসিনার দাবি, দেশে ফেরা তাঁর ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়; বরং জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের অংশ। তিনি আরও বলেন, ক্ষমতার জন্য নয়, দেশের মানুষের কল্যাণ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তেই তাঁর রাজনীতি। মৃত্যুকে ভয় পান না উল্লেখ করে তিনি বলেন, অতীতের সব সংকটের মতো এবারও সব বাধা অতিক্রম করবেন। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়েও তিনি বলেন, দলটি কোনো কাগুজে সংগঠন নয়, জনগণের শক্তিতেই আবার ঘুরে দাঁড়াবে। একই সঙ্গে বিএনপির সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জনও সরাসরি নাকচ করেন তিনি। সূত্র: এনডিটিভি, চ্যানেল আই, ইত্তেফাক