মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্রের আঘাতের ঘটনা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হামলায় জাহাজটির নিয়ন্ত্রণ কক্ষ ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদ রয়েছেন। ঘটনার পর ওই অঞ্চলে নিরাপত্তা হুমকির মাত্রাও বাড়ানো হয়েছে।
এই হামলা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই। ওয়াশিংটনের দাবি, তারা ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান বলছে, মার্কিন সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তারা প্রতিরক্ষামূলক জবাব দিয়েছে।
এদিকে ইরানের রেভল্যুশনারি গার্ডস অননুমোদিত জাহাজের দিকে সতর্কতামূলক গুলি ছোড়ার কথাও দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ফলে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজে এই উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক তেলের বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।