বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবের আগেই অন্তর্বর্তী সরকারকে অন্তত পাঁচবার চিঠি দিয়ে সতর্ক করেছিল জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুধু চিঠিই নয়, প্রায় দশটি বৈঠকেও টিকা সংকটের আশঙ্কার কথা জানানো হয়েছিল বলে দাবি সংস্থাটির।
বুধবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, টিকা কেনার প্রক্রিয়ায় পরিবর্তনের কারণে সময়মতো দেশে টিকা আসেনি। ফলে দীর্ঘ সময় রুটিন টিকাদান কার্যক্রম ব্যাহত হয় এবং বড় ধরনের হামের প্রাদুর্ভাব তৈরি হয়।
ইউনিসেফ জানায়, দেশে বছরে প্রায় সাত কোটি হামের টিকা প্রয়োজন হলেও গত বছরের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এসেছে মাত্র এক কোটি ৭৮ লাখ টিকা। চলতি বছরে দেশে হামে আক্রান্ত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন অন্তত ৪৭৫ জন। যাদের বেশিরভাগই শিশু। রানা ফ্লাওয়ার্স বলেন, প্রতিরোধযোগ্য রোগে আর যেন কোনো শিশুর মৃত্যু না হয়, সে জন্য দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি।